২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো ও বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাসিনার জামিনের শুনানি ৫ অক্টোবর

নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর শুনানি ৫ অক্টোবর হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর শুনানি ৫ অক্টোবর হাইকোর্টে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ার উল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। আদালতের কার্যতালিকায় আবেদন দুটি ৭ ও ৮ নম্বর ক্রমিকে অন্তর্ভূক্ত ছিল। শেখ হাসিনার পক্ষের প্রধান কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক শুনানি গ্রহণের আবেদন জানান। আদালত বলেন, "কার্যতালিকায় অন্তর্ভূক্ত হয়নি এমন জরুরি নতুন আবেদনগুলোর ওপর আজ (মঙ্গলবার) শুনানি গ্রহণ করা হবে। এই আবেদন দুটি ঈদের পরে ৫ অক্টোবর শুনানির জন্য নির্ধারণ করা হল।" গত ২২ সেপ্টেম্বর এ মামলা দুটিতে শেখ হাসিনার জামিনের আবেদন দায়ের করা হয়েছিল। গত ২৩ সেপ্টেম্বর জামিনের আবেদন দুটি ফেরত দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। ২৯ সেপ্টেম্বর বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বের বেঞ্চে আবেদন দুটি নতুন করে দায়ের করা হয়। দুদকের উপ পরিচালক এস এম সাব্বির হাসান গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন। মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র কানাডীয় প্রতিষ্ঠান নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় এ বছর ৭ মে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এস এম সাব্বির হাসান গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন গত সোমবারই হাইকোর্টের অপর একটি বেঞ্চ খারিজ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩৪১ঘ.