কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্মসৃজন কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগে শুক্রবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয়দের সহযোগিতায় ইনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
ইউএনও মো. হানিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ইউপি সদস্য সবুর ২৮ হাজার টাকা আত্মসাত করেছেন।
শৌলমারী ইউপি চেয়ারম্যান আব্দুল করিম জানান, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় ৯নম্বর ওয়ার্ডের চতলাকান্দা গ্রামে ২টি প্রকল্পে ৫২ জন শ্রমিক ৭ দিন কাজ করেন।
এই ৫২ জন শ্রমিকের ৭ দিনের মজুরির ৩৬ হাজার ৪০০ টাকা আব্দুস সবুর বৃহস্পতিবার উত্তোলন করেন। কিন্তু তিনি শ্রমিকদেরকে ২ দিনের মজুরির ১০ হাজার ৪০০ টাকা দিয়ে ৭ দিনের মজুরি প্রাপ্তির মাস্টাররোলে জোরপূর্বক স্বাক্ষর নেন।
শ্রমিকরা বিষয়টি শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পান। এরপর অভিযুক্ত সবুরকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24