ফরিদপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না পেয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকাবাসী শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে।
দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে আটকা পড়ে শতাধিক গাড়ি। পরে পুলিশের অনুরোধে লোকজন অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকার বাসিন্দা ডা. ওহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খাবাসপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনের ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। ফলে এলাকাবাসী প্রায় ২০ ঘন্টা বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে ক্ষুদ্ধ এলাকাবাসী বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয়।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী মিয়া জানান, অবরোধের সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ফরিদপুর (বিতরণ বিভাগ-২) এর নির্বাহী প্রকৌশলী আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, ওই এলাকায় প্যাথলজিক্যাল ল্যাব ও ক্লিনিক রয়েছে। তারা ৫/৬ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। এতে সরবরাহের ওপর চাপা পড়ে।
তিনি জানান, শনিবার ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24