২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ভাংচুর, সড়ক অবরোধ

বেতনের দাবিতে আশুলিয়ার জিরানী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার পাশের একটি কারখানা ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

সাভার, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতনের দাবিতে আশুলিয়ার জিরানী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার পাশের একটি কারখানা ভাংচুর করেছে। এ নিয়ে দুই কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপক্ষই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এতে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিরানী এলাকার আইরিশ ফেব্রিক্স লিমিটেডের প্রায় পাঁচ হাজার শ্রমিককে সকাল ৯টার মধ্যে চলতি মাসের বেতন দেওয়ার কথা ছিল। ১০টার পরেও বেতন না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সকাল সাড়ে ১০টার দিকে বেশ কিছু শ্রমিক কারখানার ছাদে গিয়ে পাশের চুংহাই ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডাইং কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালা-দরজার কাচ ভাংচুর করে। এর প্রতিবাদে চুংহাই-এর শ্রমিকরা আইরিশ ফেব্রিক্স-এ পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এএসআই মোহাম্মদ আলী জানান, পরে দুই পক্ষের তিন থেকে চারশ' শ্রমিক বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপে দুপক্ষের ৩০ জন সামান্য আহত হয়েছেন। পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আইরিশ ফেব্রিক্স লিমিটেডের একাধিক শ্রমিক জানান, শুক্রবার সকাল ৯টার মধ্যে তাদের বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন না দিয়ে টালবাহানা করছে। এছাড়া শনিবার ঈদের বোনাসও দেওয়ার কথা রয়েছে। তবে কারখানার পরিচালক শামসুল হক জানান, শুক্রবার ছুটির দিন বলে বিশেষ ব্যবস্থায় বেতনের টাকা জোগাড় করা হয়েছে। টাকা আনতে একটু দেরি হওয়ায় শ্রমিকরা হামলা ও ভাংচুর চালিয়েছে। তিনি দাবি করেন, শুক্রবারের মধ্যেই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। চুংহাই ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডাইং-এর পরিচালক মাহবুবুর রহমান জানান, ওই কারখানার শ্রমিকরা তাদের কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালা-দরজার কাচ ভেঙে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৪০ ঘ.