২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এসআই'র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রংপুর কোতয়ালি থানার এক উপ-পরিদর্শক ও পুলিশের দুই সোর্সের বিরুদ্ধে নিরপরাধীদের গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

রংপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর কোতয়ালি থানার এক উপ-পরিদর্শক ও পুলিশের দুই সোর্সের বিরুদ্ধে নিরপরাধীদের গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া টাকা না দিলে মিথ্যা মামলায় অভিযুক্ত দেখিয়ে আদালতে চালান দেওয়ার অভিযোগও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন কুটিপাড়ার বাসিন্দা জাকির হোসেন। তিনি সেনাবাহিনীর আবাসিক প্রকল্পের একজন ঠিকাদার। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন রেজা এবং দুই সোর্স জুলফিকার আলী ভুট্টো ও আব্দুর রাজ্জাক কুটিপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। পরে ছয়জনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করে তারা। গ্রেপ্তারকৃত ছয়জন হলেন- হোমিওপেথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. শাহাজাহান মোল্লা, চাকরিজীবী জাহাঙ্গীর আলম, জুলূ প্রধান, বেলাল, সাইফুল ও হেলাল। এদের মধ্যে সাইফুল ও বেলাল ছাড়া বাকি চারজনকে ৬০ হাজার টাকার বিনিময়ে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। টাকা না দেওয়ায় বাকি দু'জনকে দুইদিন থানায় আটক রেখে আদালতে চালান দেওয়া হয়। ১৮ সেপ্টেম্বর এসআই হুমায়ুন রেজার পরিচয় দিয়ে জাকির হোসেনকে ফোন করে ভুট্টু ও রাজ্জাক ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই দিন রাতে হুমায়ুন রেজার নেতৃত্বে একদল পুলিশ ও তার দুই সোর্স জাকির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করে তারা। টাকা না দেওয়ায় জাকিরকে মঞ্জুয়ারা বেগমের মামলায় আসামি দেখিয়ে আদালতে চালান করে দেওয়া হয়। এই ঘটনায় মামলার বাদী মঞ্জুয়ারা বেগম নোটারী পাবলিকের কাছে এফিডেফিট করে জানান- জাকির হোসেনকে তিনি মামলার আসামি করেননি। পরে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মঞ্জুয়ারা স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে বিষয়টি জানালে আদালত কাগজপত্র দেখে জাকিরকে জামিন দেয়। জাকির হোসেন সংবাদ সম্মেলনে আরো জানান, তিনি তার লিখিত অভিযোগের কপি ডাকযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহা পরিদর্শক ও রংপুরের পুলিশ সুপারের বরাবর পাঠিয়েছেন এবং এই ঘটনায় তাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে কুটিপাড়া মহল্লার শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসকসহ দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তারাও অভিযোগ করেন, এসআই হুমায়ুন, তার মামা ও পুলিশের সোর্স জুলফিকার আলী ভুট্টু ও আব্দুর রাজ্জাকের কাছে কুটিপাড়া, মণ্ডলপাড়াসহ আশেপাশের গ্রামের মানুষ জিম্মি হয়ে পড়েছে। এ ব্যাপারে এসআই হুমায়ুন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে আনা অভিযোগ সত্য নয়। তবে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। রংপুরের পুলিশ সুপার মাহফুজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি এখনও কোন অভিযোগ পাননি বলে জানান। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪১ ঘ.