নড়াইল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল-যশোর সড়কে সদর উপজেলার তুলারামপুরের আবাদ এলাকায় বৃহস্পতিবার ভোরে ট্রাক ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মিরাজ (৩০) নামে এক ডাকাত মারা গেছে। জনতা হাসান শেখ (২৭) নামে আরেক ডাকাতকে আটক করেছে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ট্রাক চালক আব্দুল কাদের (৪০) আহত হয়েছেন।
নিহত মিরাজ মাগুরার শালিখা উপজেলার তিলঘড়ি গ্রামের সাহাদাত হোসেনের ছেলে। আটক হাসান শেখ একই জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। ট্রাক চালক আব্দুল কাদেরের বাড়ি বরিশালের উত্তমাবাদ গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক মো. রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নড়াইল থেকে পাট বোঝাই একটি ট্রাক যশোর যাচ্ছিল। বৃহস্পতিবার ভোরে ট্রাকটি আবাদ এলাকায় পৌঁছলে ডাকাতরা গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই ডাকাতকে পাকড়াও করে গণপিটুনি দেয়। আহত ডাকাত মিরাজকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24