২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ওয়াসার যাত্রা শুরু

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পানি সরবরাহ বিভাগকে ওয়াসার আওতায় নেওয়ার মধ্য দিয়ে খুলনা ওয়াসার (পানি ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ) যাত্রা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পানি সরবরাহ বিভাগকে ওয়াসার আওতায় নেওয়ার মধ্য দিয়ে খুলনা ওয়াসার (পানি ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ) যাত্রা শুরু হয়েছে। কেসিসি মেয়র তালুকদর আব্দুল খালেক বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এ সংক্রন্ত একটি দলিলে স্বাক্ষর করেন। এ দলিলের মাধ্যমে কেসিসি'র পানি সরবরাহ বিভাগের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জনবল খুলনা ওয়াসার অনুকূলে যুক্ত হল। খুলনা সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংক্রান্ত দলিল খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুর রহমান প্রধানের কাছে হস্তান্তর করা হয়েছে। দলিলে স্বাক্ষর দেওয়ার সময় মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, "আজ (বৃহস্পতিবার) থেকে খুলনা ওয়াসার নব যাত্রা শুরু হল।" দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেসিসির কাউন্সিলর আজমল আহমেদ তপন, খায়রুজ্জামান খোকা, ইমাম হাসান চৌধুরী ময়না, শহীদ ইকবাল বিথার, মুহাম্মদ আমান উল্লাহ আমান, আশফাকুর রহমান কাকন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মেমোরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আবির-উল-জব্বার, ওয়াটার সুপার মফিজ উদ্দিন আহমেদ প্রমূখ। খুলনা ওয়াসার জন্য সরকার চলতি অর্থবছর (২০০৮-০৯) সাত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে এ মাসে খুলনা সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের ১৩০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারি এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত ১২৮ জন কর্মচারিকে খুলনা ওয়াসার অধীনে নেওয়া হয়। ওয়াসা কর্মকর্তারা জানান, খুলনা মহানগরীতে বর্তমানে তিন কোটি গ্যালন পানির চাহিদা রয়েছে। এর মধ্যে ফুলতলায় নির্মাণাধীন পানি বিশুদ্ধকরণ প্রকল্প থেকে প্রতিদিন ৫০ লাখ গ্যালন পানি পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা যাবে। আগামী জুন নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হতে পারে। বর্তমানে নগরীতে একটি পানি বিশুদ্ধকরণ প্রকল্প ও ৬০টির মত গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.