২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি মামলায় জাফর উল্যাহর বিরুদ্ধে অভিযোগপত্র

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ দুটি মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলা দুটির বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপ সহকারী পরিচালক মো. আবুল কাশেম। মুদ্রা পাচার মামলার অভিযোগপত্রে আবুল কাশেম বলেন, কাজী জাফর উল্যাহ ২০০৬ সালের ১৬ জানয়ারি বনানীর প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা এবং ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি গুলশানের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে যথাক্রমে ২ কোটি ৪০০ টাকা ও ৬ কোটি ৩০ লাখ ৪০০ টাকা উত্তোলন করেন। তিনি ওই টাকা গোপন করার জন্য তার বোন সাবিহা মাহবুব ও ভাগ্নে আবদুল্লাহ এমরান ইউসুফের নামে প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় ৭ কোটি ৪০০ টাকা স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন। এভাবে জাফর উল্যাহ ৭ কোটি ৪০০ টাকা অবৈধভাবে হস্তান্তর করে মুদ্রা পাচার আইনে অপরাধ করেছেন। এ অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল গত ১২ জুন গুলশান থানায়। জানা আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্রে বলা হয়, জাফর উল্যাহ ১৫ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ব্যাপারে গত ৮ জুন একই থানায় মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএইচবি/২০৪৯ ঘ.