ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের মধুখালী উপজেলায় বৃহস্পতিবার বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দু'জন নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস চাপায় মারা গেছে এক স্কুলছাত্রী।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
ফরিদপুর: ফরিদপুর-বোয়ালমারী সড়কে মধুখালী উপজেলার জাঁহাপুর ইউনিয়নের নড়িখালি এলাকায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী রাসেল শেখ (২৫) ও দুলু শেখ (২৩)। এদের দুজনেরই বাড়ি বোয়ালমারীর জয়নগর ইউনিয়নের ক্যারশাইল গ্রামে। রাসেল বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র।
মধুখালী থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রাসেল ও দুলু ঘটনাস্থলে মারা যান।
তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। মামালার প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় বৃহস্পতিবার বাস চাপায় সুমাইয়া খানম (৮) নামে এক শিশু মারা গেছে।
সুমাইয়া সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের মেয়ে। সে মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুকরা এলাকায় রাস্তা পারাপারের সময় সুমাইয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
দুর্ঘটনার সময় সুমাইয়া তার মায়ের সঙ্গে ফুফুর বাড়ি ফুকরা যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24