ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে আলোচিত বৈঠক প্রসঙ্গে নাক না গলানোর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দুই নেত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
আশরাফের বক্তব্যের পর বৃহস্পতিবার বিকেলে ব্যারিস্টার হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের অমিত তালুকদারকে বলেছেন, "আশরাফুল যদি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে থাকেন তাহলে তিনি ভুল করেছেন। আমাকে উদ্দেশ্য করে তিনি এ বক্তব্য দিলে তা খুবই দুঃখজনক।"
ব্যারিস্টার রফিক বলেন, "আমি কথা বলেছি শেখ হাসিনার সঙ্গে। আমি দুই নেত্রীর এক টেবিলে আলোচনার ব্যাপারে হাসিনার সঙ্গে কথা বলেছি, আশরাফুলের সঙ্গে নয়। তার সঙ্গে পরিচয়ও নেই আমার।"
হাসিনা ও খালেদার মধ্যে আলোচিত বৈঠক প্রসঙ্গে ব্যবসায়ী ও নাম উল্লেখ না করে একজন আইনজীবীকে রাজনীতিতে নাক না গলানোর জন্য পরামর্শ দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সৈয়দ আশরাফ বৃহস্পতিবার বলেন, "দু' নেত্রীর বৈঠকের বিষয়ে একজন আইনজীবী ও ব্যবসায়ীরাই বেশী আগ্রহী। আমি মনে করি, তাদের রাজনীতিতে নাক না গলিয়ে আইনে ও ব্যবসায় থাকা উচিত।"
ব্যারিস্টার রফিক উল হক সৈয়দ আশরাফের এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তার উদ্দেশ্যে বলেন, "আমি তো ব্রিফলেস ব্যারিস্টার! সেজন্য রাজনীতির কথা বলার চেষ্টা করছি। রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করছি!"
ব্যারিস্টার হক বলেন, "দুই নেত্রীকে একই আলোচনার টেবিলে বসার যে প্রস্তাব দিয়েছি তার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। আমি দেশের মানুষের মনের কথা বলেছি।"
তিনি বলেন, "আইনজীবীদের রাজনীতি করা উচিত না হলে জাতীয় সংসদের এক তৃতীয়াংশ আসন খালি থাকবে। কারণ আমাদের সংসদের তিনশ' আসনের মধ্যে কমপক্ষে একশ' জন আইনজীবী সংসদ সদস্য থাকেন।"
ব্যারিস্টার হক বলেন, "শুধু বাংলাদেশ নয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, মালেশিয়াসহ বিশ্বের অনেক সভ্য দেশে সংসদের একটি বড় সংখ্যক সদস্য থাকেন আইনজীবীরা।"
স
bdnews24