২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর গ্রামে স্থানীয় কৃষক লীগ নেতা আবদুস সাত্তারকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর গ্রামে স্থানীয় কৃষক লীগ নেতা আবদুস সাত্তারকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার বিশেষ আদালতের বিচারক শামসুন্নাহার বেগম এ রায় দেন। দণ্ডিতরা হলেন- জাহাঙ্গীর আলম, টিটু, মকবুল আহম্মেদ, মোকাদ্দেস, নাজিউর রহমান ও সাইফুল ইসলাম। এরা বর্তমানে কারাগারে আছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৬ সালের ২ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রাম ইউনিয়ন কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুস সাত্তারের বাড়িতে একই গ্রামের জাহাঙ্গীর আলম তার দলবল নিয়ে হামলা চালায়। হামলাকারীদের ছোড়া টেটা আবদুস সাত্তারের গলায় বিদ্ধ হয়। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরদিন তিনি মারা যান। এ ব্যাপারে তার আবদুল জব্বার বুড়িচং থানায় এ ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। ২০০৭ সালের ৯ এপ্রিল পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি আশফিকুর রহমান। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট সুলতান আহম্মদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৯ ঘ.