২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রস্তাব পাস

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর বাংলাদেশকে উদার অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। কংগ্রেস সদস্যরা জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর বাংলাদেশকে উদার অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। কংগ্রেস সদস্যরা জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছে। বুধবার প্রস্তাবটি পাস হয় বলে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কংগ্রেস এই প্রথমবারের মতো বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের বিষয়টিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার দেওয়ার জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানালো। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, "রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রস্তাবটিতে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কংগ্রেসম্যানরা জোরালো সমর্থন ব্যক্ত করেন। মুক্ত ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কংগ্রেসের এ প্রস্তাবে জরুরি অবস্থা তুলে নেয়ার আহ্বানও জানানো হয়।" কংগ্রেসের ৪১ জন সদস্য 'অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণকে সমর্থন' শীর্ষক ওই প্রস্তাবটি পররাষ্ট্র বিষয়ক কমিটিতে এ প্রস্তাব উত্থাপন করেন। এর মূল উদ্যোক্তা ছিলেন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি। ওই প্রস্তাবে দুর্নীতি দূর করার লক্ষ্যে জন্য তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রশংসা করা হয়। যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ কংগ্রেসের ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "সাধারণ মানুষের কল্যাণের জন্য গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ ও সরকারের সৃজনশীল প্রচেষ্টার স্বীকৃতির প্রতিফলন ঘটেছে এ প্রস্তাবে।" ফখরুদ্দীন আহমদ ২০০৮ সালে ১৮ ডিসেম্বর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের দৃঢ় সংকল্পের কথাও জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩তম অধিবশেনে যোগদানের উদ্দেশ্যে ফখরুদ্দীন আহমদ এখন যুক্তরাষ্ট্র রয়েছেন। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৬০০ ঘ.