ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উদযাপনের সমন্বয়ের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনকে নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তারা বলেছেন, এই উৎসব উপলক্ষে বুড়িগঙ্গাসহ ঢাকা মহানগরীর আমূল সংস্কার করতে হবে।
বুধবার পূর্বানী হোটেলে 'রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে প্রাক প্রস্তুতিমূলক সভা'য় এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, "৪০০ বছর পুর্তি এমনভাবে করতে হবে যেন তা চার হাজার বছরের অনুপ্রেরণা হয়ে থাকে।"
তিনি বলেন, "শিল্প, সংস্কৃতি ও ক্রীড়াসহ নগরজীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠান করবে স্ব স্ব ক্ষেত্রের পারদর্শীরা। কিন্তু এর আর্থিক, ব্যবস্থাপনাগত ও প্রচারের ব্যাপারে সমন্বয়ের দায়িত্ব পালন করা উচিত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ঢাকার ইতিহাস রচয়িতাদের অন্যতম মুনতাসীর মামুন বলেন, "৪০০ বছর পুর্তি উদযাপনের কাজ ডিসিসি সরাসরি না করলেও হবে। শুধু নেতৃত্বমূলক অবস্থানে থাকবে হবে। ইতোমধ্যে যারা শুরু করেছেন তাদের নিয়ে বসতে হবে এবং ২০১০ সাল পর্যন্ত যাতে নিয়মিতভাবে উৎসব চলে সে ব্যাপারে সমন্বয় করতে হবে। ডিসিসিকে এমনভাবে এই সমন্বয়ের দায়িত্ব নিতে হবে যাতে নতুন মেয়র এলেও কাজে কোনও ব্যঘাত ঘটবে না। "
তিনি ৪০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা শহরকে বাসযোগ্য করতে ২০১০ সালের মধ্যে ডিসিসিকে চারটি কাজ করার আহ্বান জানান। কাজগুলো হচ্ছে, "বুড়িগঙ্গাসহ ঢাকার আশেপাশের অন্যান্য নদী দখল ও দুষণমুক্ত করা, পার্কগুলোকে দখলমূক্ত করে উন্মুক্ত করা, জলাভুমি রক্ষা করা এবং নগর ভবনে থাকা 'দক্ষিণ এশিয়ার একমাত্র নগর জাদুঘরকে সমৃদ্ধ করা।
পুর্তি উদযাপন ও ঢাকাকে বাসযোগ্য করার জন্য বিভিন্ন ক্ষেত্রের পারদর্শীদের নিয়ে ছোট ছোট কমিটি করে দেওয়া যেতে পারে বলেও তিনি মত দেন।
ডিসিসি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ বলেন, "গত চারশ বছরে ঢাকার ভয়ংকর অবস্থা হয়েছে। এ থেকে উত্তরণের জন্য স্বল্প ও দীর্ঘময়াদি পরিকল্পনা নিতে হবে।"
তিনি ঢাকার নদী সংস্কার ও ঢাকার চারপাশে চারটি তোরণ নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, "পুর্তি উদযাপন উপলক্ষে ঢাকার মেয়রের নেতৃত্বে কেন্দ্রীয় একটি কমিটি করতে হবে। এই কমিটি অন্যান্য কমিটিগুলো করবে।"
৪০০ বছর পুর্তি উপলক্ষে ঢাকাকে 'স
bdnews24