দিনাজপুর, সেপ্টম্বর ২৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে খনিতে কয়লা উত্তোলনের কাজ স্বাভাবিক রয়েছে।
আহতদের মধ্যে একজন চীনা শ্রমিক হু চোং জিয়াং। অন্যজন বাংলাদেশের সুলতান মাহমুদ (২৮)। সুলতানের মাথা ছাড়া সমস্ত শরীর এবং হু চোং এর শরীরের ডান পাশ পুড়ে গেছে।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর টডকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খনির ভূ-গর্ভের ১১০৪ লং ওয়াল কোল ফেসের বৈদ্যুতিক মোটর মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এতে সুলতান ও হু চোং দগ্ধ হন।
রাত পৌনে ১১টার দিকে তাদের খনি থেকে উপরে তুলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর রাত ১২টার দিকে ঢাকা পাঠানো হয়।
আব্দুল আজিজ বলেন, "বড়পুকুরিয়া কোল মাইনিং লিমিটেডের পক্ষ থেকে চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসিকে তদন্ত করতে বলা হয়েছে।"
কয়লা উত্তোলনের কাজ স্বাভাকিবভাবে চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১২৩ ঘ.
bdnews24