২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ ডিসেম্বরের নির্বাচন সফল করতে হবে: স্পিকার

দেশকে বাঁচাতে হলে অবশ্যই ১৮ ডিসেম্বরের নির্বাচন সফল করতে হবে; ওই নির্বাচন না হলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে বাঁচাতে হলে অবশ্যই ১৮ ডিসেম্বরের নির্বাচন সফল করতে হবে; ওই নির্বাচন না হলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত 'গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক এক আলোচনা সভায় স্পিকার এ কথা বলেন। সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জমিরউদ্দিন সরকার বলেন, "আমি আশাবাদী আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। সবাই এখন সেই দিনের অপেক্ষায় তাকিয়ে আছেন। ওই নির্বাচন না হলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা হবে না। দেশকে বাঁচাতে হলে অবশ্যই ১৮ ডিসেম্বরের নির্বাচন সফল করতে হবে।" তিনি বলেন, "অনেকে আজ হুঙ্কার দিচ্ছেন। যারা হুঙ্কার দিচ্ছেন, তাদের জানা উচিত এ দেশের মাটি খুবই পিচ্ছিল। আইয়ুব-ইয়াহিয়া খানদের পরিণতি ভাল হয়নি, আপনাদেরও তা থেকে শিক্ষা নেওয়া উচিত। এ দেশের মাটির সঙ্গে যারা রাজনীতি করছে, জনগণ তাদের সঙ্গে আছে, থাকবে।" নির্বাচন কমিশনের সঙ্গে সর্বশেষ সংলাপে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে চারদলীয় জোটের শরিক ইসলামী দলগুলোর অবস্থানের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, "সাংবিধানিক এমন পদে থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সর্ম্পকে বিরুপ মন্তব্য করাটা সিইসি'র ঠিক হয়নি।'' রাজনৈতিক দলের নিবন্ধন সর্ম্পকে জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট তাদের আগে অবস্থান থেকে সরে আসার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সিইসি বলেছিলেন, 'ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রাহীম রমজান মাসে হুজুরদের মুখে একি কথা শুনি।' স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক মাহববুল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ডা. এম এ মতিন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, যুব দল সভাপতি বরকত উল্লাহ বুলু ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মুবিন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএইচবি/১৯৪০ ঘ.