বরগুনা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মেয়ে ও শাশুড়িকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৬০ বছর কারাদণ্ড দিয়েছে বরগুনার একটি আদালত।
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক নূর মোহাম্মদ মোড়ল বুধবার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতের নাম সেন্টু তালুকদার (৩৫)। বাড়ি বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গেড়ামর্দন গ্রামে।
তার শাশুড়ি গত বছরের ১৫ আগস্ট এ মামলাটি দায়ের করেন। সেন্টুর স্ত্রী এ মামলায় স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দেন।
আদালত কারাদণ্ডের পাশাপাশি সেন্টুকে ১ লাখ টাকা জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও ১০ বছর কারাভোগ করতে হবে।
পাশাপাশি সেন্টুর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে তা দুই ধর্ষিতকে ভাগ করে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন সাংবাদিকদের বলেন, "আদালত মেয়েকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন অর্থাৎ ৩০ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে। শাশুড়িকে ধর্ষণের দায়েও একই সাজা দেওয়া হয়।"
তিনি বলেন, "রায়ে দুটি সাজা একটির পর আরেকটি কার্যকরের নির্দেশ থাকায় আসামিকে ৬০ বছর কারাভোগ করতে হবে।"
মামলার বিবরণে জানা যায়, সেন্টু ২০০৫ সাল থেকে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে আসছিল। শাশুড়ি বিষয়টি জেনে বাধা দিলে তাকেও ধর্ষণ করে সেন্টু। পরে ২০০৭ সালের ১৫ আগস্ট শাশুড়ি বাদি হয়ে নারী নির্যাতন আইনে সেন্টুর বিরুদ্ধে মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৪ ঘ.
bdnews24