২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রামাণ্যচিত্রে যুদ্ধাপরাধের তথ্য

'যুদ্ধাপরাধ ৭১' নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। বুধবার বিকালে রাজধানির ধানমন্ডির ডব্ল্যিউভিএ মিলনায়তনে এ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যুদ্ধাপরাধ ৭১' নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। বুধবার বিকালে রাজধানির ধানমন্ডির ডব্ল্যিউভিএ মিলনায়তনে এ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৮০ মিনিটের এ ছবিতে মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামি নেতাদের যুদ্ধাপরাধের বিষয়ে তথ্য তুলে ধরা হয়। ছবিতে ভূক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ছাড়াও কয়েকজন রাজাকারের বক্তব্য রয়েছে যারা বলেছেন, জামায়াতে ইসলামী কীভাবে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, চলচ্চিত্র নির্মাতা-সাংবাদিক ছবিতে যুদ্ধাপরাধের বিচার দাবি করেছেন। পাকিস্তানের কয়েকজন নাগরিকের বক্তব্য তুলে ধরা হয়েছে এই ছবিতে যাদের কেউ কেউ যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন্ ভাবে নিগৃহীত হয়েছিলেন। তারাও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছেন। ছবিতে দেখানো হয়, এ প্রজন্মের তিনজন তরুণ বিভিন্ন জনের কাছে গিয়ে যুদ্ধাপরাধ সম্পর্কে বিভিন্ন তথ্য উদঘাটন করেন। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করার দৃশ্যের মাধ্যমে প্রামাণ্যচিত্রটি শেষ হয়। প্রদর্শনীর আগে সূচনা বক্তব্যে শাহরিয়ার কবির বলেন, "এ ছবির মূল টার্গেট হল তরুণ প্রজন্ম; যারা জানে না '৭১ এ কী নৃশংস ঘটনা ঘটেছিল।" তিনি বলেন, "জামায়াত বলছে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে তারা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল। এ প্রামাণ্য চিত্রের পর মনে হয় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আর কোনও প্রমাণের প্রয়োজন নেই।" প্রদর্শনী শেষে বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক কামাল লোহানী বলেন, "শুধু যুদ্ধাপরাধী নয়, যারা তাদের প্রশ্রয় দিয়েছিল তাদেরও বিচার করতে হবে।" তিনি আগামী নির্বাচনে জামায়াত ও যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আগামী ১৮ ডিসেম্বর ভোটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে।" অধ্যাপক অজয় রায় বলেন, "বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।" সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি স্থপতি রবিউল হুসেইন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচবি/২২৩৯ ঘ.