ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছে। এছাড়া কাকরাইলে 'টপস্ট্রিট' নামক একটি গাড়ির দোকনেও ইফতারের কয়েক মিনিট আগে গুলি চালায় কয়েকজন সন্ত্রাসী।
আহতরা হলো কেবল (ডিশ) অপারেটর প্রতিষ্ঠানের কর্মচারী পনির (২৫) ও স্কুল ছাত্র আরিফ (১৬)। পনিরের বাসা রামপুরার উলন রোডে। আরিফ কুমিল্লার মুরাদনগরের পূর্বানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ঢাকায় মগবাজারে মামার বাড়িতে বেড়াতে এসেছে সে।
রমনা থানার উপ-পরিদর্শক শাহরিয়ার জানান, মঙ্গলবার ইফতারের পরপর কয়েকজন সন্ত্রাসী মালিবাগ সউদিয়া মসজিদের পাশে দুজনকে গুলি করে। এদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ পনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ডিশ লাইনের কাজ করেন। ইফতারের কিছুক্ষণ আগে সউদিয়া মসজিদের পাশে গিয়েছিলেন পাঞ্জাবী কিনতে। সেখানে স্থানীয় জাকির গ্র"পের সন্ত্রাসী মিন্টু, সিয়াম, নাদিম ও অপরিচিত একজন তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় স্কুলছাত্র আরিফও আহত হয়।
পনির জানান, জাকির গ্র"পের সন্ত্রাসীরা কয়েকদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।
এদিকে রাজধানীর কাকরাইলে 'টপস্ট্রিট' নামক একটি গাড়ির দোকনে ইফতারের কয়েক মিনিট আগে গুলি চালায় সন্ত্রাসীরা।
প্রত্যদর্শীর বরাত দিয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাকরাইলে দুটি মোটরসাইকেলে এসে কয়েকজন সন্ত্রাসী দোকানের সামনে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে চলে যায়। এতে ভেঙে পড়া কাঁচের আঘাতে দোকানের একজন কর্মচারী আহত হন। কারো গায়ে গুলি লাগেনি। তবে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এমএইচবি/২২২০ ঘ.
bdnews24