বাগেরহাট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট-খুলনা সড়কের বারাকপুর বেইলি ব্রিজ এলাকায় মঙ্গলবার সকালে নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে দুটি মোটর সাইকেল, সাড়ে ছয় হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ছিনতাইকারীদের রডের আঘাতে এস এম নূরুজ্জামান নামে এক মোটর সাইকেল আরোহীর মাথা ফেটে গেছে। তিনি মংলা সিমেন্ট কারখানার প্রকৌশলী।
ছিনতাইয়ের শিকার নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে সাতটার দিকে বেইলি ব্রিজের কাছে প্রাইভেট কার আরোহী কয়েক ব্যক্তি মৃণাল কান্তি দাসের মোটরসাইকেলের গতি রোধ করে। বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে কাজ করেন মৃণাল। তিনি গ্রামের বাড়ি করোরী থেকে অফিসে যাচ্ছিলেন।
ছিনতাইকারীরা র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে তার মোটর সাইকেলের কাগজ দেখতে চায়। এ সময় তিনিও ঘটনাস্থলে পৌছান। ছিনতাইকারীরা একইভাবে তার গতিরোধ করে।
নুরুজ্জামান বলেন, সাদা পোশাকে থাকা ওইসব ব্যক্তির কাছে র্যাবের পরিচয়পত্র দেখতে চাইলে তারা তাকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তারা অস্ত্রের মুখে মৃণাল ও তার কাছে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা, একটি মোবাইল সেট ও মোটর সাইকেল দুটি নিয়ে পালিয়ে যায়।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক মোফাজ্জেল হোসেন বলেন, র্যাবের পরিচয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা জানতে পেরেছে পুলিশ। ছিনতাইকৃত মোটর সাইকেল দুটি উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নূরুজ্জামানের মোটর সাইকেলের নম্বর বাগেরহাট হ-১১-২৯৭৮। মৃণালের মোটর সাইকেলে অন টেস্ট লেখা ছিল। কোন নম্বর ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24