২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিস বেপারী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জের মুদি দোকানি আনিস বেপারী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মুদি দোকানি আনিস বেপারী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. ইসরাইল হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. লিটু খান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব খান, মো. মিজান খান, জামাল, মনির ও খোরশেদ। নিহত আনিসের চাচাতো ভাই আজিজুল হক বেপারীকে হত্যা চেষ্টার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে আরও দশ বছরের কারাদণ্ড দেন বিচারক। আভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. হালেম খান, মো. কাশেম খান, মো. মান্নান খান, আমির মোল্লা ও হযরত আলীকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডিত ও খালাসপ্রাপ্ত সবাই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার মূলচর গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ৮টায় দণ্ডিতরা মুন্সীগঞ্জ সদরের পূর্বরাখী গ্রামের হাজী জন্দু বেপারীর বাড়ির সামনে আনিসকে গুলি করে হত্যা করে। এ ছাড়া নিহত আনিসের চাচাতো ভাই আজিজুল হক বেপারীকেও হত্যার উদ্দেশ্যে গুলি করে তারা। আনিসের বাবা সোহরাব বেপারী ওইদিনই সদর থানায় এ ব্যাপারে মামলা করেন। আসামিদের আইনজীবী মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলায় নেওয়া সাক্ষ্যের সঙ্গে এজাহারের মিল নেই। আমরা আপিল করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে