২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় জামিননামা দাখিল করেছেন হাসিনা

ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা মামলায় জামিননামা দাখিল করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা মামলায় জামিননামা দাখিল করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মামলার অন্য আসামী তার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমও জামিননামা জমা দিয়েছেন। মঙ্গলবার বিশেষ দায়রা আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে তারা জামিননামা দাখিল করেন। আদালত জামিননামা গ্রহণ করে আগামী ২৬ অক্টোবর শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। ৩০ হাজার টাকা এবং একজন আইনজীবী ও একজন স্থানীয় আইনজীবীর জিম্মায় শেখ হাসিনার জামিননামা গ্রহণ করে আদালত। আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সাহারা খাতুন ও স্থানীয় জিম্মিদার হিসেবে ব্যারিস্টার ফজলে নূর তাপস জামিননামায় স্বাক্ষর করেন। একইভাবে ফজলুল করিম সেলিমের পক্ষেও ওই দুইজন জামিননামা জমা দেন। জামিনে ছাড়া পাওয়ার পর এ দিন প্রথমবারের মত আদালতে এসেছিলেন শেখ সেলিম। ২২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত হন। গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করে। একই সঙ্গে হাসিনা ও সেলিমকে তিন মাসের জামিনও দেয়। গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে অবশ্য সাংবাদিকদের কাছে হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের কথা অস্বীকার করেন তিনি। বিচার চলাকালে আদালতে তিনি হাসিনাকে চেনেন না বলেও জানান। একই বছরের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। গত ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৪৪৩ ঘ.