ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের মুক্তি চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের (আওয়ামী পন্থী) ১০১ জন শিক্ষক।
সোমবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক এস এম ইমামুল হক, অধ্যাপক হোসেন মনসুর, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্য প্রমুখের স্বাক্ষর রয়েছে।
বিবৃতিতে শিক্ষকরা বলেন, 'সম্পাদক কারাগারে থাকায় জনকণ্ঠ পত্রিকাটি যে সঙ্কটে পড়েছে তা একটি জাতীয় সমস্যা। এ কারণে পত্রিকাটির সাংবাদিক ও সংশ্লিষ্টরা যে কষ্টে পড়েছেন তার সমাধান সম্পাদকের মুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে সব সময়ই গণতন্ত্র ও গণতন্ত্রের সঙ্গী সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো। সেই ধারাবাহিকতায় আমরা এ দাবি জানাচ্ছি।'
শিক্ষকরা আতিকুল্লাহ খান মাসুদের সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/জেকে/এমএইচবি/২২২১ ঘ.
bdnews24