রাজশাহী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন চিকিৎসকের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় মামলা হয়েছে।
নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেছেন তার স্ত্রী।
রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বসিরুল হক এজাহারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, যৌতুকের জন্য ডা. চন্দন বণিক বোরবার গভীর রাতে স্ত্রী ডা. গোপা কুণ্ডুকে নির্যাতন শুরু করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তারা ডা. চন্দনকে আটক করে পুলিশে দেয়।
তিনি জানান, গোপা কুণ্ডু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিসি) চিকিৎসাধীন।
এসআই বসিরুল হক জানান, দুই পক্ষের আত্মীয়স্বজন সোমবার এ বিষয়ে আপোষ মীমাংশার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আপোষ না হওয়া সন্ধ্যায় মামলা করেন ডা. গোপা কুণ্ডু।
তিনি জানান, ডা. চন্দন এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।
মামলার এজাহারে বলা হয়, চার বছর আগে সাভারের বাসিন্দা ডা. চন্দন বণিকের সঙ্গে রাজশাহী নগরীর কাজীহাটা এলাকার গোপাল চন্দ্র কুন্ডুর মেয়ে ডা. গোপা কুণ্ডুর বিয়ে হয়। রাজশাহী মেডিকেল কলেজে চাকরির সুবাদে দু'জনই রাজশাহী শহরে থাকেন।
ডা. চন্দন বিভিন্ন সময় তার স্ত্রীর কাছে মোটা অংকের যৌতুক চাইতেন। তার সে চাওয়া পুরণ করা হয়েছে কয়েকবার। কিন্তু ক্রমেই যৌতুক নিয়ে তাদের মধ্যে ঝগড়াবিবাদ বাড়তে থাকে। রোববার রাতেও ঝগড়ার এক পর্যায়ে চন্দন তার স্ত্রীকে নির্যাতন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24