ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারও কারও স্বার্থে আঘাত লাগতে পারে বলে পুলিশ অধ্যাদেশ পাশ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আইজিপি নূর মোহাম্মদ।
সোমবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ পাশ করে পুলিশকে ভালো হওয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধও জানিয়েছেন।
নূর মোহাম্মদ দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "পুলিশকে শক্তভাবে দাঁড় করানোর জন্য গত দুই বছর ধরে চিৎকার করছি। কিন্তু কারও কারও স্বার্থে আঘাত লাগতে পারে বলে পুলিশ অধ্যাদেশ পাশ করা হচ্ছে না।"
তবে পুলিশ অধ্যাদেশ পাশের ক্ষেত্রে কারা বাধার সৃষ্টি করছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
পুলিশ অধ্যাদেশ পাশের অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, "পুলিশে সংস্কার করে আমাদের ভালো হওয়ার সুযোগ করে দিন।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ সংক্রান্ত খসড়া অধ্যাদেশও তৈরি করা হয়েছে। সাবেক আইজিপি এএসএম শাহজাহানের নেতৃত্বে একটি কমিটি খসড়াটি তৈরি করে। এটি এখনও মন্ত্রণালয়ে আটকে আছে।
দুর্নীতি বিষয়ক মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন দাখিল প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, "চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে। কারণ তদন্ত দুর্বল ছিল। পুলিশের তদন্ত কখনও শক্তভাবে হয়নি। এখনও হচ্ছে না। ভবিষ্যতেও হবে না।"
নূর মোহাম্মদ বলেন, "বর্তমানে পুলিশ ৬০ থেকে ৬৫ ভাগ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে। পুলিশের যে সুযোগ সুবিধা, সে অনুযায়ী শক্তভাবে কাজ করার সামর্থ্য বাংলাদেশ পুলিশের নেই।"
গত মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বলেছিলেন, এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন যতগুলো মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তার বেশিরভাগই পুলিশের তদন্ত করা।
পুলিশ প্রধান বলেন, "দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে প্রাথমিক অনুসন্ধানের পরে। কিন্তু পুলিশের কাছে থানায় যে মামলাগুলো করা হয়, সেগুলোর অনুসন্ধান বা তদন্ত হয় মামলা করার পরে। এজাহারে যে তথ্য লেখা হয়, তার ওপর ভিত্তি করেই মামলার তদন্ত বা অভিযোগপত্র দাখিল করা হয়। এক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলে পুলিশের করার কিছু থাকে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমআই/১৭০০ ঘ.
bdnews24