২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে চার ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ধাওয়া করে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ধাওয়া করে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানিয়েছেন। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "লক্ষ্মীপুর জেলার এক দল ডাকাত বেগমগঞ্জে ডাকাতির জন্য ঢুকেছে- এ খবর পেয়ে পুলিশের একটি দল চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অবস্থান নেয়। ডাকাতরা একটি সিএনজি অটো রিকশা নিয়ে পালানোর সময় পুলিশ ও জনতা তাদের ধাওয়া করে ধরে ফেলে।" চন্দ্রগঞ্জ বাজারটি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমানায় অবস্থিত। বাজারের পশ্চিম অংশ লক্ষ্মীপুর জেলায় এবং পূর্ব অংশ নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত। গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (২১), মোখলেছুর রহমান (২০), মাহফুজুর রহমান (২০) ও হোসেন (২১)। তাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে বলে পুলিশ জানিয়েছে। ডাকাত দলের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি এলজি, চারটি তাজা কার্তুজ, দুটি ছোরা পাওয়া গেছে বলে ওসি কামাল জানান। অটো রিকশাটিও আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত চার জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির অভিযোগে আলাদা দুটি মামলা করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৭ ঘ.