মাগুরা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা-মহম্মদপুর সড়কে শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে এক জন জেলা শহরের পুলিশ লাইন স্কুলের শিক্ষক। তার নাম কামরুল হাসান (৩৫)। নিহত অপর জন হলেন, লিমা খাতুন (৩০)।
আলোকদিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে সদর থানার উপ-পরিদর্শক জেসমিন পারভীন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহম্মদপুর উপজেলা থেকে মাগুরামুখী বাসটি আলোকদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কামরুল হাসান ঘটনাস্থলেই মারা যায়।"
দুর্ঘটনায় আহত ১৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রোববার সকালে লিমা খাতুন মারা যায়।
শিক্ষক কামরুলের বাড়ি মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামে। লিমার বাড়ি যশোরে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24