রাজশাহী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা হামলার হুমকি দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ে শনিবার নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর নামে এক ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।
আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, বিকেল ৫টা ৫৮ মিনিটে পুলিশ কমিশনার কার্যালয়ে জেএমবির নামে ওই বার্তা আসে। এতে বলা হয়, জেএমবি সদস্যরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ চেকপোস্টসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালাবে।
বার্তায় বলা হয়- 'আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন চালিয়ে সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে। এটা বন্ধ না করা হলে বোমা হামলা চালানো হবে।'
মাহফুজুর রহমান জানান, পুলিশ ফ্যাক্স বার্তাটি গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে মহানগরীর প্রতিটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া টহল বৃদ্ধি করা হয়েছে। ফ্যাক্স বার্তাটি পাঠাতে যে নম্বর ব্যবহার করা হয়েছে এবং যেখান থেকে পাঠানো হয়ে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24