ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে শনিবার বিকেলে ঈদ বোনাসের দাবিতে ক্ষুদ্ধ পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে এবং ডিআইটি সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
নগরীর গুরুত্বপূর্ণ এ সড়ক বন্ধ থাকায় ইফতারের আগে আশেপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।
বিকেল সোয়া ৩টার দিকে বোনাসের দাবিতে মালিবাগ চৌধুরীপাড়ার ইসলাম গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নামে। তারা মালিবাগ-বাড্ডা (ডিআইটি রোড) সড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশ শ্রমিকদের সরাতে লাঠিচার্জ করলে তারা আরও ক্ষেপে ওঠে ও ভাঙচুর শুরু করে।
বিকেল পৌনে ৫টার দিকে কারখানা কর্তৃপক্ষ বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কারখানায় ফিরে যায়। কিন্তু এ সময় কারখানায় একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা আবারও বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে ও গাড়ি ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অবস্থা চলে। এর পর শ্রমিকদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর সড়কটিতে যান চলাচল শুরু হয়।
ইসলাম গার্মেন্টস এর লাইনম্যান সুজন জানান, ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকরা সকালে কারখানা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে। এক পর্যায়ে ব্যবস্থাপক বোনাস দেওয়া হবে না জানিয়ে দিলে বিকেল সোয়া ৩টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
ওই কারখানার শ্রমিক নাদিরা জানান, বোনাসের দাবিতে শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় পারভীন ও সালমা নামে দুজন আহত হন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করে। কিছু শ্রমিক কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষের কাচ ও আসবাবপত্রও ভাঙচুর করে।
শ্রমিকদের অবরোধের কারণে মালিবাগ, বাড্ডা, গুলশান, কাকরাইল, মগবাজারসহ বিশাল এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড হাসপাতাল প্রতিনিধি কামাল হোসেন তালুকদার জানান, বিকেল পৌনে ৫টার দিকে কারখানার উৎপাদন ব্যবস্থাপক বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কারখানায় ফিরে যায়। কিন্তু তারা কারখানায় ফেরার পরপরই গুজব ছড়িয়ে পড়ে, পুলিশের লাঠির আঘাতে আহত সালমার মৃত্যু হয়েছে। এ খবরে শ্রমিকরা আবার মিছিল নিয়ে রাস্তায় নামে এবং আরেক দফা গাড়ি ভাঙচুর করে।
মালিবাগ রেলগেট থেকে শুরু করে চৌধুরীপাড়া আবুল হোটেল পর্যন্ত রাস্তার দু'ধারে আটকে পড়া গাড়ি ভাঙচুর করে উচ্ছৃঙ্খল হয়ে ওঠা শ্রমিকরা। এসময় আতঙ্কে আশেপাশের দোকানগুলো বন্ধ হয়ে যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে কারখানার ভেতরে ও বাইরে অবস্থান নেয়। এরপর ডিআইটি সড়কে আবার যান চলাচল শুরু হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৌলত আকবর সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকরা শান্ত রয়েছে।"
আকবর জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছে। সালমা নামের যে শ্রমিক মারা গেছে বলে গুজব শোনা গিয়েছিল সে আসলে হাসপাতালে চিকিৎসাধীন। অসন্তোষ ঠেকাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে সহিংসতার সময় রমনা থানা পুলিশের একজন উপ-পরিদর্শকের পিস্তল হারিয়ে যায়।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "ঘটনার সময় উপ-পরিদর্শক হাবিবুর রহমানের সার্ভিস পিস্তলটি খোয়া যায়। এর খোঁজ চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/জেকে/এসকে/২০৫৮ঘ.
bdnews24