২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ

বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় লেভেল ক্রসিংয়ে শনিবার একটি ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

বগুড়া, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় লেভেল ক্রসিংয়ে শনিবার একটি ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে দুই জন আহত হয়েছে। দুর্ঘটনার পর তিন ঘণ্টা বগুড়া থেকে শান্তাহার পথে রেল চলাচল বন্ধ ছিল। বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম সাংবাদিকদের জানান, শান্তাহারগামী লোকাল ট্রেনটি বগুড়া আসছিল। সকাল ১১টা ১০ মিনিটে সাবগ্রামে লেভেল ক্রসিংয়ে একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। লেভেল ক্রসিংটিতে কোনও গেট নেই। গত ১৫ আগস্ট একই স্থানে একটি ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষে দুই জন নিহত হয়। শনিবারের দুর্ঘটনায় ট্রাক চালক ও চালকের সহকারী আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়। সাবগ্রাম এলাকায় আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার পরপরই আহত ট্রাক চালক ও হেলপারকে একটি সিএনজি অটো রিকশায় তুলে দিয়ে শহরের হাসপাতালে পাঠানো হয়।" আহতদের পরিচয় পাওয়া যায়নি। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েও তাদের পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে শান্তাহার থেকে লোকাল ট্রেন ৪৮১ বগুড়া রেল স্টেশনে এবং লালমনিরহাট এক্সপ্রেস গাবতলী রেল স্টেশনে আটকা পড়ে। পরে রেকার এনে ট্রাকটি লাইন থেকে সরানোর পর দুপুর আড়াইটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয় বলে স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৪ ঘ.