বাগেরহাট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর থানা এলাকায় বুধবার রাতে ভেজাল নারকেল তেল আটকের ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন সকালে বাগেরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাকচালক মো. লুৎফর রহমান মীর ও লাইনম্যান মো. আব্দুস সালাম। এদের দুজনকে বুধবার রাতে ভেজাল নারকেল তেলসহ আটক করে র্যাব। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, মামলাটিতে মোট ৯ জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের খাতিরে বাকি ৭ জনের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।
বুধবার গভীর রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কে হযরত খান জাহান আলীর মাজার মোড় এলাকা থেকে একটি ট্রাকে ১২৭০টি টিনে ১২টি ব্র্যান্ডের ভেজাল নারকেল তেল উদ্ধার করা হয়। এর মধ্যে নাইন ডায়মন্ড, সোমা কলম্বো, শান্তা, কিরণ, ছয় গাছ ও তিন গাছ নামে ছয়টি ব্রান্ডের বিএসটিআই অনুমোদন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০২৪ ঘ.
bdnews24