২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১২৭০ কন্টেইনার ভেজাল নারকেল তেল আটক

বাগেরহাটের হযরত খান জাহান (রঃ) মাজার মোড় এলাকা থেকে বুধবার গভীর রাতে বিভিন্ন মাপের এক হাজার ২৭০ কন্টেইনার ভেজাল নারকেল তেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের হযরত খান জাহান (রঃ) মাজার মোড় এলাকা থেকে বুধবার গভীর রাতে বিভিন্ন মাপের এক হাজার ২৭০ কন্টেইনার ভেজাল নারকেল তেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার খুলনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষায় আটক ১২টি ব্র্যান্ডের নারকেল তেলে প্যারাফিন ও পাম অয়েলের মিশ্রণ সনাক্ত করা হয়েছে। এসব ভেজাল নারকেল তেল বাগেরহাটের বিসিক এলাকা থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছিল বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। ভেজাল নারকেল তেলসহ আটককৃতরা হলেন- ট্রাক চালক মো. লুৎফর রহমান (৪১), তার সহকারী মো. কালাম (৩২) ও আব্দুস সালাম (৪৩)। খুলনা র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মেফতাউল করিম বৃহষ্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, ট্রাকে ভেজাল তেল নেওয়া হবে- এ খবর পেয়ে খুলনা ও বাগেরহাটের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা ও খুলনা বিএসটিআই এর প্রতিনিধিসহ র‌্যাব সদস্যরা রাতে মাজার মোড়ে অবস্থান নেন। তিনি জানান, রাত ১টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে আসা তেল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-২৮৭০) ঘটনাস্থলে পৌঁছালে সেটা আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিএসটিআই পরীক্ষাগারে আটক তেলের রাসায়নিক পরীক্ষায় এ সব তেল ভেজাল বলে প্রমাণিত হয়। পরীক্ষাগারে আটক তেলের মধ্যে ক্ষতিকর প্যারাফিন ও পাম অয়েলের মিশ্রণ সনাক্ত করা হয়েছে। অভিযান পরিচালনাকারী র‌্যাব-৬ এর মেজর কামাল পাশা বৃহষ্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকে মোট ১২টি বিভিন্ন ব্রাণ্ডের নারকেল তেল ছিল। এর মধ্যে নাইন ডায়মন্ড, সোমা কলোম্ব, শান্তা, কিরণ, ছয় গাছ ও তিন গাছ নামে ছয়টি ব্র্যান্ডের নারকেল তেলের বিএসটিআই অনুমোদন নেই। কিরণ ব্র্যান্ডটির লাইসেন্স ভেজালের অভিযোগে আগেই বাতিল করা হয়েছিল। এছাড়া লাইসেন্সপ্রাপ্ত টিয়া, স্বর্ণালী ট্রেডিং, মৌসুমী ও রাণী ব্র্যান্ডের তেলও ছিল আটক ভেজাল তেলের মধ্যে। তিনি জানান, আটককৃতদের বৃহস্পতিবার রাতের মধ্যে বাগেরহাট সদর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.