ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা সাংবাদিকদের কিছু বলেননি।
মার্কিন রাষ্ট্রদূত জানান, উপদেষ্টার সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তার আলোচনা হয়েছে^।
তিনি বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থার বর্তমান কার্যক্রমে যুক্তরাষ্ট্র সন্তষ্ট। এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা অব্যাহত থাকবে।"
এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কোনটি আগে করা হবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে শনিবার বিএনপি ও চারদলীয় জোটের অন্য দুই সদস্যের সঙ্গে আলোচনার পর সোমবারই বহুল প্রতীক্ষিত সংসদসহ অন্যান্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
প্রায় সব রাজনৈতিক দল আগে উপজেলা নির্বাচনের জোরালো বিরোধিতা করে আসছে।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সব পর্যায়ে নির্বাচন অনুষ্ঠান প্রয়োজন বলেও মত প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/
bdnews24