নড়াইল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে ইউছুফ ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক প্রমর চন্দ্র বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিত ইউছুফ সদর উপজেলার চণ্ডীবর ইউনিয়নের বাধাল গ্রামের মৃত মোস্তফা ফকিরের ছেলে। বর্তমানে তিনি পলাতক।
মামলার অপর আসামি ইউছুফের দ্বিতীয় স্ত্রী আসমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০৬ সালের ২ ফেব্র"য়ারি রাত ১০টার দিকে ইউছুফ ফকির তার প্রথম স্ত্রী আসমা বেগমের কাছে ৪০ হাজার টাকা যৌতুক চান। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আসমাকে বেগমকে হত্যা করা হয়।
এ ঘটনায় আসমার ভাই মোক্তার হোসেন তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইউছুফ ও তার দ্বিতীয় স্ত্রী আসমা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর এ রায় দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24