২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের মেডিকেল রিপোর্ট তলব

কারাবন্দি চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের অবকাশকালীন বেঞ্চ বিজয় টিভি দুর্নীতি মামলায় মহিউদ্দিনের জামিন আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানির পর আগামী মঙ্গলবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কারাবন্দি চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের অবকাশকালীন বেঞ্চ বিজয় টিভি দুর্নীতি মামলায় মহিউদ্দিনের জামিন আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানির পর আগামী মঙ্গলবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে আদেশ দেন। আদেশের পর মহিউদ্দিনের আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহিউদ্দিনের গত জুন মাসের মেডিকেল সনদ আদালতে জমা দেই। আদালত নতুন মেডিকেল রিপোর্ট আগামী মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।" গত ১৪ সেপ্টেম্বর বিজয় টিভি দুর্নীতি মামলায় মহিউদ্দিন চৌধুরীর জামিন আবেদনের উপর শুনানি গ্রহণে অসম্মতি জানিয়েছিল বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি ফরিদ আহাম্মদের অবকাশকালীন বেঞ্চ। ড. কামাল হোসেনসহ মহিউদ্দিনের আইনজীবীরা বিষয়টি প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনকে জানালে তিনি আবেদনটির শুনানি গ্রহনের জন্য বিচারপতি জিনাত আরার নেতৃত্বের বেঞ্চকে ওই দিনই ক্ষমতা প্রদান করেন। মহিউদ্দিনের পক্ষে বৃহস্পতিবার শুনানিতে ড. কামাল হোসেন বলেন, মেয়র মহিউদ্দিন খুবই অসুস্থ। তাই তার জামিন প্রয়োজন। তিনি আরও বলেন, মহিউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা বিজয় টিভি দুর্নীতি মামলার কার্যক্রম গত ৩০ জুলাই আপিল বিভাগের আদেশে স্থগিত রয়েছে। ২০০৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় টিভির প্রচার শুরু হয়। সরকার গতবছর ৮ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিজয় টিভির প্রচার বন্ধ করে দেয়। বিজয় টিভি মামলায় অভিযোগ করা হয়, সরকারের অনুমতি ও কোনো দরপত্র ছাড়াই চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে মেয়র মহিউদ্দিন বিজয় টিভির প্রচার শুরু করেন। এই অভিযোগে মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে ২০০৭ সালের ২৭ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৫৪৭ঘ.