২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতি মামলা

সরকারি পুকুর নামমাত্র মূল্য স্থায়ী বন্দোবস্ত দেওয়ার অভিযোগে ফেনীর সাবেক জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ফেনী, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি পুকুর নামমাত্র মূল্য স্থায়ী বন্দোবস্ত দেওয়ার অভিযোগে ফেনীর সাবেক জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা রাত ৮টার দিকে ফেনী থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- ফেনীর সাবেক জেলা প্রশাসক (বর্তমানে পাট অধিদপ্তরের মহাপরিচালক) মো. মোস্তফা, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব (বর্তমানে স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য) ফয়জুর রহমান চৌধুরী, ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (বর্তমানে সাতক্ষীরার জেলা প্রশাসক) মো. কেফায়েত উল্লাহ, ফেনীর সাবেক সহকারী কমিশনার, ভূমি (বর্তমানে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা) এ এইচ এস লোকমান, অবসরপ্রাপ্ত সহকারী সচিব আবুল ফারাহ, তাকিয়া রোড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রসুল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, এক দশমিক ২৬ একর আয়তনের পুকুরটির মূল্য প্রায় ২ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। অথচ আসামিরা মাত্র ৪৩ লাখ ৯১ হাজার ১৬৭ টাকায় তাকিয়া রোড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে পুকুরটির স্থায়ী বন্দোবস্ত দেয়। এতে সরকারের ২ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৩৩১ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫৫ ঘ.