২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে নির্বাচনী আইন নিয়ে কথা বলব: দেলোয়ার

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আদেশ, রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনী আইন ও বিধিমালার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আগামী শনিবার এ সংলাপ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আদেশ, রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনী আইন ও বিধিমালার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আগামী শনিবার এ সংলাপ হবে। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "কমিশন যেসব আইন ও বিধিমালা প্রণয়ন করেছে, তা নিয়ে আলোচনা করব আমরা।" সবার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনরুল্লেখ করে দেলোয়ার বলেন, "জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপি সব ধরনের সহযোগিতা করতে চায়।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কেবল সরকারের সঙ্গে নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংলাপ হওয়া উচিত বলে আমি মনে করি।" 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত নেতাদের দলে সক্রিয় হতে কোনো বাঁধা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "দলে কোনো বিভেদ বা বিভক্তি নেই। সবাই খালেদা জিয়ার নেতৃত্বে আছে। সংস্কারপন্থী নেতারা যেসব পদে আছেন, তারা সেসব পদেই কাজ করবেন। সাইফুর রহমান ও মাহবুবুর রহমান স্থায়ী কমিটিতে আছেন। অন্যরাও তাদের পদে কাজ করতে পারেন।" গত ৭ সেপ্টেম্বর বিএনপি, ৮ সেপ্টেম্বর জামায়াত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তারিখ নির্ধারিত থাকলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চার দলীয় জোটভুক্ত এই দলগুলো তাতে অংশ নেয়নি। গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি পাওয়ার পর বিএনপির সঙ্গে সংলাপের জন্য আবার উদ্যোগ নেয় কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৯৩১ ঘ.