কক্সবাজার, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগরে নয় জন মাঝি-মাল্লাসহ একটি ট্রলার নিখোঁজ রয়েছে। টেকনাফ-সেন্ট মার্টিন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে গত তিন দিন।
বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বুধবার সকালে কিছুটা উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে বলেশ্বরের কাছাকাছি এলাকা হয়ে বর্তমানে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর।
নিম্নচাপের কারণে জোয়ারে দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্বীপের সুলতান আহমদের মালিকানাধীন এফবি আমিনা নিখোঁজ রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর নয় জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। ফিরে না আসায় আমরা ধারণা করছি, এটি ঝড়ের কবলে পড়েছে।"
ওই ট্রলারে রয়েছেন- কালু মিয়া (৩৫), আমির (৩০), হাবিব উল্লাহ (২৮), খুইল্যা মিয়া (১৯), রশিদ আহমদ (২২), দিদার হোসেন (৩৪), নবী হোসেন (২৬)। বাকি দুই জনের নাম পাওয়া যায়নি।
দমকা ও ঝড়ো হাওয়ায় দ্বীপের জনজীবন অনেকটাই অচল হয়ে পড়েছে বলে ফিরোজ আহমদ জানান।
তিনি বলেন, "দ্বীপের পূর্ব অংশে পাঁচটি দোকান বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বালিয়াড়ি ভেঙে লোকালয়ে সাগরের পানি ঢুকেছে।"
সাগর উত্তাল থাকায় টেকনাফের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট মার্টিনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা দিয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান।
এখন ইলিশ ধরার ভরা মৌসুম চলছে। তাই বৈরী আবহাওয়া সত্ত্বেও ইলিশের আশায় জেলেরা ঝুঁকি নিয়ে সাগরে মাছ শিকারে যাচ্ছে।
এদিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার মনখালী উপকূলে একটি ট্রলারের ১১ আরোহীকে উদ্ধার করেছে জেলেরা। তারা সবাই মিয়ানমার নাগরিক। টেকনাফে চাল নামিয়ে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে আটকা পড়ে বলে পুলিশকে জানিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১১ মিয়ানমার নাগরিককে থানায় রাখা হয়েছে। যেহেতু তারা বাংলাদেশে চাল নিয়ে এসেছিল; সেহেতু এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৩ ঘ.
bdnews24