ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় দফা সংলাপ বর্জন করা বিএনপি এবং চারদলের শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৃহস্পতিবার সংলাপে বসবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার একথা জানিয়েছেন ।
সিইসি দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, "তৃতীয় দফা সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশনের আমন্ত্রণের পর বিএনপির জবাবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাড়ে ১২ টায় আলোচনায় বসার সময় নির্ধারণ করা হয়েছে। আজই (বুধবার) বিএনপিকে এই সময় জানানো হবে।"
এ ছাড়া অন্যদুটি দল সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে চিঠি দিলে কমিশন তাদের সঙ্গেও একই দিনে আলোচনা সেরে ফেলতে চায় বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, "অপর দুই দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গেও বসবো। তবে এর আগে ওদের আগ্রহের কথা চিঠি দিয়ে আমাদের জানাতে হবে।"
এদিকে এর আগে দুপুর পৌনে একটার দিকেই জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। চিঠিতে আলোচনার জন্য একটি সুবিধাজনক সময় ও তারিখ চেয়েছিল দলটি।
'উদ্ভূত পরিস্থিতির কারণে' ৮ সেপ্টেম্বর তাদের পক্ষে সংলাপে বসা সম্ভব হয়নি উল্লেখ করে জামায়াতের চিঠিতে মঙ্গলবারের চারদলীয় জোটের বৈঠকের পরিপ্রেক্ষিতে গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ ও রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়।
সাংবাদিকরা ওই চিঠির বিষয়টি সিইসি এটিএম শামসুল হুদাকে অবহিত করলে তিনি বলেন, "সেক্ষেত্রে তিনটি দলের সঙ্গে এক দিনেই কথা সেরে ফেলতে চাই।"
এদিকে, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারাও বুধবার দুপুরের মধ্যেই সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/১৪০২ঘ.
bdnews24