বরিশাল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমতার অপব্যবহার, অসদাচারণ ও হয়রানির অভিযোগ এনে বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা আলী আশরাফের অপসারণ চেয়েছেন ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির নেতারা।
মঙ্গলবার ইউএনও বিরুদ্ধে এসব অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন তারা।
তবে ইউএনও মীর্জা আলী আশরাফ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সরকার ঘোষিত ১০০ দিনের কর্ম সৃজন কর্মসূচির তালিকা ইউএনও তার খেয়াল খুশিমত তৈরি করেছেন।
তার বসবাসের জন্য সরকারি বাসা থাকা সত্ত্বেও তিনি লক্ষাধিক টাকা খরচ করে 'প্রমোট ভবনের' মহিলা হোষ্টেলের দ্বিতীয় তলায় থাকছেন।
ইউএনও উপজেলা সমন্বয় সভাগুলোতে একাই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।
এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিল ভাউচারে সই করা নিয়ে শিক্ষকদের হয়রানি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা এবং বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে শারীরিকভাবে নির্যাতন করারও অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন- রহমতপুর ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, মাধবপাশার সুলতান আহমেদ, কেদারপুরের মাওলানা আতাউর রহমান শরীফ, চাঁদপাশার মো. সামসুল আলম ফকির, আগরপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম ও দেহেরগতির আতাউর রহমান খান।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ গোলাম হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সম্পাদক টি এম শাহজাহান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম হারুন স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ঘোষিত ১০০ দিনের কর্ম সৃজন কর্মসূচির তালিকা তৈরির জন্য ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছিল। চেয়ারম্যানরা তালিকায় তাদের দলীয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করেছেন, যা তদন্তে ধরা পড়েছে।"
শিক্ষকদের বিলের ব্যাপারে তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের কাগজে যে সংখ্যক ছাত্র-ছাত্রী রয়েছে বাস্তবে তার কোন অস্তিত্ব পাওয়া যায়নি। তাই অনেক প্রতিষ্ঠানের বিলে সঠিক সময় স্বাক্ষর করা সম্ভব হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24