২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা

বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার এ তথ্য জানিয়ে বিশেষ বুলেটিনে বলেছে রাত ৯টা নাগাদ চট্টগ্রাম বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। (আরও তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার এ তথ্য জানিয়ে বিশেষ বুলেটিনে বলেছে রাত ৯টা নাগাদ চট্টগ্রাম বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর আগের বুলেটিনে বলা হয়, রাত নাগাদ এটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের বুলেটিনে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর দিকে সরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।" বিকাল ৩টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৭৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। নিম্নচাপটি আরও ঘনীভুত হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে মঙ্গলবার সন্ধ্যা অথবা রাতে প্যারাদ্বীপের কাছ দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে বুলেটিনে বলা হয়। এতে আরও বলা হয়, "নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। তাছাড়া এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে।" আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে। নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/এমএইচবি/০০০১ ঘ.