২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা জেলহাজতে

দুই লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জামায়াতের রোকন আব্দুল মান্নাফকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

নাটোর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জামায়াতের রোকন আব্দুল মান্নাফকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। নাটোরের গাড়িখানা মহল্লার বাসিন্দা ও পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের বরখাস্তকৃত প্রভাষক কামাল উদ্দিন গত বছর ২৯ আগষ্ট হাকিম আদালতে মামলাটি করেন। রাজশাহী জেলা জামায়াতের রোকন অধ্যক্ষ আব্দুল মান্নাফ নাটোর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে এর বিরোধিতা করেন আদালত উপ-পরিদর্শক। উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন আদালতকে জানান, অধ্যক্ষ মান্নাফ এক লাখ টাকা নিয়ে কামাল উদ্দিনকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছিলেন। আরও দুই লাখ টাকা চেয়ে না পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি আদালতকে বলেন, পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। দীর্ঘদিন পর আসামি আত্মসমর্পণ করেছেন। তাই তাকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানো হোক। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মন্টু দাবি করেন, বাদির অভিযোগ ষড়যন্ত্রমূলক। তাকে বরখাস্ত করায় এই মিথ্যা মামলা করা হয়েছে। হাকিম মো. শরীফউদ্দিন শুনানি শেষে অধ্যক্ষ আব্দুল মান্নাফের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাকে নাটোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.