ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে।
এটি রাত নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের বুলেটিনে বলা হয়, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি উড়িষ্যা উপকূলে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।"
সকালে নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
নিম্নচাপটি আরও ঘনীভুত হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে মঙ্গলবার সন্ধ্যা অথবা রাতে প্যারাদ্বীপের কাছ দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে বুলেটিনে বলা হয়।
এতে বলা হয়, "নিম্নচাপের কারণে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।"
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৪০০ ঘ.
bdnews24