ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকার ধামরাই ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নকল ওষুধ ও সার তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
সোমবার সকালে হবিগঞ্জের মাধবপুর বাজারের সারের ডিলার জালাল খানের কয়েকটি গুদামে অভিযান চালিয়ে পাঁচ হাজার বস্তা ভেজাল ইউরিয়া সার, ভেজাল কীটনাশক এবং সার ও কীটনাশক তৈরির উপকরণ আটক করা হয়।
অন্যদিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাংগুটিয়া এলাকায় রোববার গভীররাতে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানা জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য, নকল ওষুধ, পানি, যন্ত্রপাতি, লেবেল ও প্লাস্টিকের বোতল।
কারখানার মালিক সুভাস চন্দ্র রায়কে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ নুরুল বাসিরের নেতৃত্বে বিডিআর ও পুলিশ সকাল ৮টা থেকে প্রায় সাত ঘণ্টা অভিযান চালিয়ে জালাল খানের কয়েকটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল সার, কীটনাশক ও উপকরণ উদ্ধার করে।
তবে সার ডিলার জালাল খান ও তার কর্মচারিরা পালিয়ে গেছেন।
ইউএনও নুরুল বাসির জানান, কয়েকটি তালাবদ্ধ গুদামে অভিযান চালিয়ে পাঁচ হাজার বস্তা নকল ইউরিয়া সার এবং ভেজাল সার ও কীটনাশক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
এদিকে সাভার প্রতিনিধি র্যাব-৪ এর কমান্ডার আরিফুল ইসলামের উদ্ধৃতি দিয়ে জানান, রোববার রাত ২টার দিকে র্যাব কর্মকর্তা (এএসপি) মিনহাজুল আলমের নেতৃত্বে গাংগুটিয়া এলাকায় অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানা জব্দ করা হয়। এ সময় কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়।
আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সুভাস চন্দ্র রায় দীর্ঘদিন ধরে গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর নাম ব্যবহার করে বিভিন্ন ওষুধ তৈরি করে তা দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জের ফার্মেসিতে বিক্রি করে আসছিলেন।
তার এ কারখানায় নকল ডেক্সক্লোর, জেনটো এইচ-সি, টবিডেক্স, ফ্লুকর্ট, গ্যাকোজিমা টপিক্যাল অয়েন্টমেন্ট, আই ড্রপ, ইয়ার ড্রপসহ বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হতো।
সাভার সেনাবাহিনীর মেডিকেল কোরের ডা. আমিনুল ইসলাম ওষুধগুলো পরীক্ষা করে নকল বলে নিশ্চিত করেছেন বলে তিনি জানান।
ভেজাল সারের ব্যাপক প্রচলন দেশের কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট করছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে মূলত গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে বিক্রি হওয়া ভেজাল ও নিম্নমানের ওষুধ জনস্বাস্থ্যের প্রতি সৃষ্টি করেছে গুরুতর হুমকি।
গ্রেপ্তারকৃত সুভাস চন্দ্র রায় সাংবাদিকদের জানান, প্রায় দেড় বছর ধরে নিজের বাড়িতে তিনি নকল ওষুধ তৈরি করে আসছেন। তার স্ত্রী এবং মাদারীপুরে থাকা বন্ধু রাজ্জাক এ ব্যাপারে সাহায্য করতেন বলে তিনি জানান।
এসব নকল ওষুধের বেশির ভাগই মিটফোর্ড হাসপাতালে পাইকারি দরে সরবরাহ করা হতো বলে দাবি করেছেন সুভাস।
তবে মিটফোর্ড হাসপাতালের মেডিক্যাল অফিসার মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাকো দুই বছর আগে তাদের ওষুধ সরবরাহ করতো। তবে তখন নাসির নামে এক ব্যক্তি তা দেখাশোনা করতেন। সুভাস নামে কারও কথা তিনি জানেন না বলে মেডিক্যাল অফিসার মফিজুর রহমান জানান।
এ ব্যাপারে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এসকে/১৮০৩
bdnews24