সাভার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে ঠিকাদার খুনের ঘটনায় সোমবার নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- আব্দুল হাকিম, দাউদ হোসেন, মুকুল, হেলাল, সৈয়দ জামাল আহমেদ, জামিন উদ্দিন, মেহেদী হাসান, সোহাগ ও ইফতেখার উদ্দিন।
ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সাভারের রানা প্লাজায় প্রতিপক্ষের গুলিতে রোববার রাতে পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা গাজী আব্দুল্লাহ নিহত হন।
এ ঘটনায় তার বাবা গাজী আনোয়ার হোসেন সাভার থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলায় দাউদ হোসেন (৩০), রাসেল (২৫), ফয়সাল (২৩), জাহিদ (২৭), মোহন, দিনু ও জাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক কবীর হোসেন জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংক কলোনি এলাকা থেকে রোববার রাত ও আজ (সোমবার) নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দাউদ হোসেন মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24