সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহর ও শাহজাদপুর উপজেলায় সোমবার দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
শাহজাদপুরে নিহতরা হলেন- উপজেলার বিন্নাদাইর গ্রামের কমেলা খাতুন (৩৮), শাহ জামাল (২৭), পাবনার সাঁথিয়া উপজেলার গ্যাদন (৪২) ও বিকু (৩৫)।
সিরাজগঞ্জ শহরে নিহত হয়েছে ডা. এমদাদুল হকের ছেলে জামিউল্লাহ (৭)।
আহতদের পরিচয় জানা যায়নি। তাদের শাহজাদপুর ও বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস জানান, বিকেলে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিন্নাদইর এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত যান-নসিমনকে চাপা দিলে ঘটনাস্থলে এর চার যাত্রী মারা যান।
দুর্ঘটনায় নসিমন ও বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, সকালে শহরের সালেহা ইসহাক স্কুল সড়কে মাটি বোঝাই ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে ডা. এমদাদুল হকের ছেলে জামিউল্লাহ (৭) ঘটনাস্থলে মারা যায়।
পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24