২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মাহুতি কর্মসূচি স্থগিত করেছেন খুলনার পাটকল শ্রমিকরা

খুলনার রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকলের শ্রমিকরা আত্মাহুতি কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। সোমবার সকালে শ্রমিকরা কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

খুলনা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকলের শ্রমিকরা আত্মাহুতি কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। সোমবার সকালে শ্রমিকরা কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের পক্ষ থেকে দাবির বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক উন্নয়ন কমিটির আহবায়ক গাজী মাসুম জানান, খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার জুট মিলের শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে আত্মাহুতি কর্মসূচি পালনের জন্য ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক মিলনায়তনের সামনে জড়ো হন। সেখানে আত্মাহুতির জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। শ্রমিকরা কাফনের কাপড় পরে, পেট্রোল ও কেরোসিনের পাত্র হাতে আত্মহুতির জন্য প্রস্তুতি নেন। এর আগে তওবা পড়েন এবং মোনাজাত করেন তারা। শ্রমিক নেতা মাসুম জানান, আগে থেকেই ক্রিসেন্ট জুট মিলের অভ্যন্তরে দমকল ইউনিট ও পুলিশ মোতায়েন ছিল। দুপুর ১২টার পরে শ্রমিকরা গায়ে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন দিতে গেলে দমকল কর্মীরা পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) শাহাদাৎ হোসেন ২৬ সেপ্টেম্বরের মধ্যে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পাওনা পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আত্মহুতি কর্মসূচি স্থগিত করেন। পুলিশ কর্মকর্তা শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, কর্মসূচি পালনে বাধা দিলে উত্তেজিত শ্রমিকরা পুলিশ ও দমকল কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হয়নি। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেছে বলেও তিনি জানান। বকেয়া পরিশোধ ছাড়াও শ্রমিকদের দাবির মধ্যে আছে- পাটকল তিনটির ব্যাংক ঋণ মওকুফ, পাট কেনার জন্য অর্থ প্রদান, উৎসব ভাতা। খুলনার রাষ্ট্রায়ত্ত এ তিনটি পাটকলের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ আট দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক উন্নয়ন সংগ্রাম কমিটির এ কর্মসূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর শ্রমিকরা তিন পাটকলের প্রশাসনিক ভবন ও কর্মকর্তাদের আবাসিক ভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ৮ সেপ্টেম্বর কাফনের কাপড় পরে এবং কফিন নিয়ে মিছিল করেন। গত ২৭ জুলাই বিজেএমসি, প্রশাসন ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ৩১ আগস্টের মধ্যে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আশ্বাস অনুযায়ী তাদের দাবি পূরণ করেনি কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.