ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
সোমবার আইন- শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে তিনি বিভিন্নখাতে চাঁদাবাজি ও গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা ইত্যাদি বিষয়ের উল্লেখ করে ইঙ্গিত দেন যে জরুরি অবস্থা শিথিলের আশা করা হলেও তা হয়তো সম্ভব হবে না।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত ওই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা
বলেন, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান, বাস, লঞ্চ টার্মিনালসহ পরিবহন খাতে চাঁদাবাজি শুরু হয়েছে। গার্মেন্টস খাতকে ক্রমশ অস্থিতিশীল করে তোলা হচ্ছে। ঈদ, পুজা ও নির্বাচন সামনে রেখে জরুরি অবস্থা শিথিল করা হবে বলে আশা করা হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে তাকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
পরে বৈঠক শেষে এম এ মতিন সাংবাদিকদের বলেন, "সামনে ঈদ ও দুর্গা পুজা। এ সময় বড় বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গতকালও (রোববার) ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।"
এতদিন গা ঢাকা দিয়ে থাকা ছিনতাইকারী ও বড় বড় অপরাধীরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসছে বলে মন্তব্য করেন তিনি।
উল্লিখিত কর্মকর্তা আরও জানান, বৈঠকের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "১/১১ পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল। এখন সেটা অবনতির দিকে যাচ্ছে।"
তিনি বলেন, "অপরাধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করা হয়েছে।"
দিল্লীতে বোমা হামলার পর বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। পাশাপাশি রাতের টহল বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, ঈদ এবং পুজাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় চার হাজার পুলিশ ও দুই হাজার র্যাব সদস্য মোতায়েন থাকবে। ছিনতাই প্রতিরোধে পুলিশের ১৭১ টি 'অরেঞ্জ টিম' ও ডিবি'র ১৪টি নারী টিম কাজ করছে। এছাড়া ছয় শ' কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে।
এ বছর সারাদেশে পুজা মণ্ডপের সংখ্যা বাড়বে বলেও বৈঠকে অবহিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এএল/এসকে/
bdnews24