২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে রোববার মধ্যরাতের পর ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 05:00 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রোববার মধ্যরাতের পর ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাত ১টা ৫৫ তে ড্রাগন এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তা বেইজিংয়ের পথে রওনা হবেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী নীনা আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ, প্রধান উপদেষ্টার সচিব কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা ছাড়াও এ সফরে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে। দু'দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। ইফতেখার আহমদ চৌধুরী বলেন, চীন ও বালাদেশ পরস্পরকে ভালো বন্ধু হিসেবে মনে করে এবং এই সম্পর্ক বিশ্ব পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে তার বিশ্বাস। প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া শি জিনপিং আয়োজিত ভোজসভাতেও যোগ দেবেন তিনি। সফর শেষে প্রধান উপদেষ্টা ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২২৫৫ঘ.