চট্টগ্রাম, সেপ্টম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুড়িং থানা এলাকার মেম গলির ইউনুস মিয়া ও রাজা মিয়া কলোনিতে শনিবার রাতে অগ্নিকাণ্ডে একটি শিশুসহ দুজন মারা গেছে। ভষ্মীভূত হয়েছে ৫০ থেকে ৬০টি কাঁচাঘর।
নিহতরা হলেন- মৃত আলী মিয়ার স্ত্রী আফিদা খাতুন (৭২) এবং তার নাতি ইকরাম হোসেন আকাশ (৮)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার জহিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে কূপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫০ থেকে ৬০টি কাঁচাঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি গাড়ি রাত ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।
ডবলমুড়িং থানার উপ-পরিদর্শক জসীম উদ্দিন হাওলাদার বলেন, "নিহত দুজনকে ডবলমুড়িং থানায় হস্তান্তর করা হয়েছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএইচবি/২৩০২ ঘ.
bdnews24