জয়পুরহাট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা সদরের পুরানা পৈল বাজারের রাস্তার মোড়ে শুক্রবার গভীর রাতে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৩৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন।
রবিউল ইসলাম পুরানা পৈল গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, "রবিউল ইসলাম রাতে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। এ সময় মালবোঝাই দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
তিনি জানান, পুলিশ ট্রাকসহ চালক কাওসার আলীকে (৩০) আটক করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
কাওসার নওগাঁর পোরশা উপজেলা সদরের মরহুম আবদুর রহিমের ছেলে।
রবিউল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১১৩৫ ঘ.
bdnews24